খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম দক্ষিণাঞ্চলের একমাত্র টেস্ট ভেন্যু। অথচ এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট তো দূরের কথা, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের ম্যাচও হচ্ছে না। একই চিত্র বরিশালের জীবনানন্দ ক্রিকেট স্টেডিয়ামেও। ১৯৬০ সালে নির্মিত এই মাঠটি কখনো আন্তর্জাতিক মানের ভেন্যুর স্বীকৃতি পায়নি। এমনকি এখানে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ আয়োজনও একসময় বন্ধ হয়ে যায়।
তবে সম্প্রতি সংস্কারের পর আবারও খেলার উপযোগী হয়েছে মাঠটি। ফলে খুলনা ও বরিশালের ক্রিকেটপ্রেমীদের সামনে ফের মাঠে বসে খেলা দেখার সুযোগ তৈরি হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের নতুন একটি টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ এই দুই ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর আয়োজন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের সঙ্গে কয়েক দফা মিটিংয়ের পর সব পক্ষই একমত হয়েছে। তবে বিপিএলের বিকল্প হিসেবে কোনো টুর্নামেন্ট আয়োজনে ক্রিকেটারদের দাবি অবশ্য শোনেনি বিসিবি। বরং জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টকেই ফ্র্যাঞ্চাইজিদের দিয়ে আরও বড় পরিসরে করতে যাচ্ছে বিসিবি।
ইতিমধ্যে ৬ দলের মধ্যে ৫টি দলের মালিকানাই নিশ্চিত হয়েছে। এই টুর্নামেন্টের অন্তত গ্রুপ পর্বটি খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও বরিশালের জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়ামে করতে চায় বিসিবি।



