tanaka
প্রচ্ছদজাতীয়মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, দুই এজেন্সি সিলগালা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, দুই এজেন্সি সিলগালা

মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হওয়ার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে রাজধানীর একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। বিদেশগমনেচ্ছু কর্মীদের প্রলোভন দেখিয়ে নয়াপল্টনের চায়না টাউনে অবস্থিত ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে ডেলিগেট এনে ইন্টারভিউ নেওয়ার আয়োজন করা হয়েছিল।

বিষয়টি জানতে পেরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর তাৎক্ষণিক নির্দেশে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

বিএমইটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামের রিক্রুটিং এজেন্সিতে বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে মালয়েশিয়ায় যাওয়ার জন্য বিদেশগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে সংগ্রহ করা তিন বক্স পাসপোর্টও জব্দ করা হয়। পাসপোর্টগুলো বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থ রক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, যারা নিয়ম অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি অনুমোদন ছাড়া বিদেশে কর্মী পাঠানোর নামে অর্থ লেনদেন, পাসপোর্ট সংগ্রহ কিংবা ইন্টারভিউ নেওয়ার মতো কর্মকাণ্ড থেকে বিদেশগমনেচ্ছুদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।