মধ্যপ্রাচ্য ও ইসরাইল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আরব দেশগুলোর কঠোর সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ একটি অঞ্চলের ওপর ‘বাইবেলসম্মত অধিকার’ রয়েছে ইসরাইলের। এমনকি ইসরাইল যদি ওইসব এলাকায় সম্প্রসারণ ঘটাতে চায়, সেটিও সমর্থনযোগ্য হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্য থেকে এমন ধারণা তৈরি হয় যে, ইসরাইল চাইলে সংশ্লিষ্ট অঞ্চল বা দেশ দখল করার নৈতিক ভিত্তি দাবি করতে পারে।
তবে তার এ মন্তব্যকে আরব বিশ্ব ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’ হিসেবে অভিহিত করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাবেক ব্যাপ্টিস্ট ধর্মযাজক ও ইসরাইলের দৃঢ় সমর্থক হাকাবি সম্প্রতি কট্টর ডানপন্থী ভাষ্যকার টাকার কার্লসন–এর পডকাস্টে অংশ নেন। শুক্রবার প্রকাশিত ওই পর্বে কার্লসন বাইবেলের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলেন, যা অনেক সময় এমনভাবে ব্যাখ্যা করা হয় যে ইসরাইল মিশরের নীল নদ থেকে শুরু করে সিরিয়া ও ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের দাবিদার।
এর জবাবে হাকাবি বলেন, ইসরাইল যদি “সবটাই নিয়ে নেয়”, তাতেও সমস্যা নেই। তবে পরে সমালোচনার মুখে তিনি স্পষ্ট করেন যে, ইসরাইল ‘এসবের সবটাই নেয়ার দাবি করছে না’ এবং তার আগের মন্তব্য ‘কিছুটা অতিরঞ্জিত’ ছিল।
কয়েকটি আরব দেশ এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। সৌদি আরব একে ‘বেপরোয়া’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দেয়। জর্ডান বলেছে, এটি ‘অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্বের ওপর আঘাত।’ কুয়েত মন্তব্যটিকে ‘আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। ওমান জানিয়েছে, এ ধরনের বক্তব্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলতে পারে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে যে, ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বা অন্য কোনো আরব ভূমির ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।’
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, হাকাবির বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প–এর পশ্চিম তীর সংযুক্তিকরণের বিরোধিতার ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। শনিবার হাকাবি এক্সে আরও দুটি পোস্ট দিয়ে সাক্ষাৎকারে উত্থাপিত অন্যান্য বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন, তবে বাইবেল–সংক্রান্ত মন্তব্য নিয়ে সরাসরি কিছু বলেননি।
ইসরাইলি পার্লামেন্টের স্পিকার আমির ওহানা এক্সে হাকাবির সামগ্রিক ইসরাইলপন্থী অবস্থানের প্রশংসা করেন এবং কার্লসনের বিরুদ্ধে ‘মিথ্যা ও বিকৃতি’ ছড়ানোর অভিযোগ তোলেন।
সাম্প্রতিক সময়ে কার্লসন নিজেও ইহুদিবিদ্বেষের অভিযোগের মুখে পড়েছেন। বিশেষ করে স্বঘোষিত শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী নিক ফুয়েন্তেস–এর সঙ্গে দীর্ঘ ও সমালোচনাহীন এক সাক্ষাৎকার নেওয়ার পর এই অভিযোগ জোরদার হয়। ফুয়েন্তেস অতীতে হিটলারের প্রশংসা, হলোকাস্ট অস্বীকার এবং মার্কিন ইহুদিদের ‘অবিশ্বস্ত’ বলে মন্তব্য করার কারণে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন।



