\ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণার অপেক্ষায় এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেনে তেলের দাম কমেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও প্রায় ১ শতাংশ কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রভাব এবং ইরানের পাল্টা পদক্ষেপ নিয়ে উদ্বেগও রয়েছে। ইরান এর আগে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথে ঝুঁকি বাড়াতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেছেন। সোমবার ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এসব পদক্ষেপে ইরানের তেল বিক্রি, আর্থিক লেনদেন ও পরিবহন খাতকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
বিনিয়োগকারীরা এখন নিষেধাজ্ঞার বিস্তারিত এবং ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে নজর রাখছেন। এসব বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেলে আন্তর্জাতিক তেলের বাজারের পরবর্তী গতিপথও আরও পরিষ্কার হবে। তবে নিষেধাজ্ঞার পাশাপাশি হরমুজ প্রণালিতে সম্ভাব্য উত্তেজনা বাড়লে বাজারে আবারও তীব্র অস্থিরতা দেখা দিতে পারে।



