tanaka
প্রচ্ছদখেলামায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে মৌসুম শুরু বার্সার

মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে মৌসুম শুরু বার্সার

লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে বার্সেলোনা। মৌসুমের প্রথম ম্যাচে ৯ জনের মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে কাতালানরা।

শনিবার (১৬ আগস্ট) ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা। খেলার ৭ মিনিটেই লামিনে ইয়ামালের ক্রসে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। এ সময় মায়োর্কা অধিনায়ক আন্তোনিও রাইলো মাথায় আঘাত পেয়ে মাঠে শুয়ে পড়েন। ওই ঘটনার পর অশান্ত পরিস্থিতি সৃষ্টি হলে মানু মোরলেনস দ্রুত দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।

প্রথমার্ধের শেষের দিকে আরও বিপদে পড়ে মায়োর্কা। বার্সেলোনার নবাগত গোলকিপার হোয়ান গার্সিয়ার ওপর ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভেদাত মুরিকি। শুরুতে রেফারি তাকে হলুদ কার্ড দেখালেও ভিএআরের পর সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেন।

দ্বিতীয়ার্ধে ৯ জনের দল নিয়ে লড়াই করলেও বার্সাকে আর গোল পেতে অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত। যোগ হওয়া সময়ের একেবারে শেষ দিকে তৃতীয় গোলটি করেন লামিনে ইয়ামাল।

বেঞ্চ থেকে উঠে ৬৯ মিনিটে মাঠে নামেন মার্কাস র‌্যাশফোর্ড। এর মাধ্যমে ১৯৮৯ সালে কিংবদন্তি গ্যারি লিনেকারের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সেলোনার মূল দলে সুযোগ পেলেন তিনি।