tanaka
প্রচ্ছদরাজনীতিভ্রান্ত আকিদার দলের সঙ্গে জোট নয়: হেফাজত আমির

ভ্রান্ত আকিদার দলের সঙ্গে জোট নয়: হেফাজত আমির

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কোনো দল বা ব্যক্তির সঙ্গে জোট করা যাবে না, যাদের ভ্রান্ত আকিদা নিয়ে পূর্বসূরিরা সতর্ক করে গেছেন। তিনি সহি আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “সহি আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হতে পারে, তাদের সঙ্গে কোনোভাবেই ঐক্য করবেন না, এমনকি সে চিন্তাও করবেন না।”

তিনি আরও বলেন, “যাদের সম্পর্কে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন, তাদের ভ্রান্ত আকিদা বিষয়ে বহু বই-গ্রন্থ রচিত হয়েছে। তাই এসব ভ্রান্ত আকিদার দলের সঙ্গে কোনো জোট গ্রহণযোগ্য নয়।”

আলেমদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “ইলমে ওহি ও ইসলামের ক্ষতি হয়, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। দেশের দাওয়াত, তাবলিগ, মসজিদ ও মাদরাসার যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, “দেশের ইসলামি শক্তি নিজেদের মাঝে ঐক্য না করে অন্যদের সঙ্গে জোটের চেষ্টা করছে। অথচ প্রথমে নিজেদের মধ্যে ঐক্য (ইত্তেহাদ বাইনানা) প্রতিষ্ঠা করতে হবে, তারপর অন্য বিষয়ে চিন্তা করা যাবে।”

জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষ আলেমরা।