tanaka
প্রচ্ছদসারাদেশভোলায় বিএনপি-বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, বিজেপি অফিসে হামলা-ভাঙচুর

ভোলায় বিএনপি-বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, বিজেপি অফিসে হামলা-ভাঙচুর

ভোলায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাল্টাপাল্টি শোডাউন করেছে বিএনপি ও বিজেপি। এ সময় দুর্বৃত্তদের হামলায় বিজেপির সভা পণ্ড হয়ে যায় এবং দলটির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ঘটনায় সাংবাদিকসহ উভয় দলের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার ও নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা-১ (সদর) আসনের মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে জেলা বিএনপি ও বিজেপির মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার নির্ধারিত সময় অনুযায়ী কালীনাথ রায়ের বাজারে জেলা বিএনপি ও নতুন বাজারে জেলা বিজেপি নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে।

দুপুরের দিকে হঠাৎ করে বিজেপির সমাবেশে হামলা চালানো হলে সভাস্থল ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুর্বৃত্তরা জেলা বিজেপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিজেপি কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ ঘটনার পর জেলা বিএনপি তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সেখানে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম বলেন, “জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করি। প্রশাসনের অনুমোদিত সময় অনুযায়ী মিছিল বের করার পর বাংলা স্কুল মোড়ে গিয়ে বিজেপির মিছিলের মুখোমুখি হই। কে বা কারা আমাদের মিছিলে ঢিল ছোড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়।”

তিনি আরও বলেন, “আমি নিজে গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দিই। তবে বিজেপির সমাবেশ নির্ধারিত সময় শেষ না করায় এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”

অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা বলেন, “আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে গরুর গাড়ি মার্কার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে র‌্যালি করে অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করি। কিছু সময় পরেই উদ্দেশ্যমূলকভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও অফিসে ভাঙচুর চালানো হয়।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।