বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর তা বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের ওড়িশা উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে রাজধানী ঢাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা সকাল সাড়ে ৮টা পর্যন্ত অব্যাহত ছিল। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলোর সড়ক পানিতে ডুবে যায়, ফলে চলাচলে ভোগান্তি দেখা দেয় যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে। তবে দিনটি সরকারি ছুটির হওয়ায় রাস্তায় মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।
এর আগে আবহাওয়া অধিদপ্তর দেশের আটটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছিল। পাশাপাশি বৃষ্টির ফলে ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানানো হয়।
আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু স্থানে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।
নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগর এবং সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



