সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে ঘিরে আলোচনায় এসেছেন অভিনেতা সাইদুর রহমান পাভেল। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতাকে প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা গেছে।
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্য তুলে ধরেছেন পাভেল।
অভিনেতার দাবি, ভিডিওতে যে নারীকে দেখা গেছে তিনি তার বান্ধবী। পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’
অভিনয়ে আসার আগে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়েছিলেন পাভেল। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার পর দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।
পরে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন পাভেল। তবে তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য মোড় আসে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এ যুক্ত হওয়ার পর।
এই ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ এবং ‘জাকির হোসেন নেইমার’ নামে পরিচিত চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। চরিত্রটি অল্প সময়ের মধ্যেই তাকে দেশজুড়ে পরিচিত করে তোলে।
বর্তমানে নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব কনটেন্টেও নিয়মিত অভিনয় করছেন সাইদুর রহমান পাভেল।



