মাত্র তিন বছর বয়সেই বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে মার্কিন শিশু বুটসি ডারিংটন। তিন বছর ১৩৯ দিন বয়সে বিশ্বের সব ডিজনি থিম পার্ক ভ্রমণ করা সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েছে সে।
বুটসির এই অনন্য ভ্রমণ শুরু হয় ২০২৪ সালে জাপানের টোকিও ডিজনি সি থেকে। তখনও সে ঠিকমতো হাঁটতে শিখেনি। এরপর প্রায় আড়াই বছর ধরে এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অবস্থিত ডিজনির ১২টি থিম পার্ক ঘুরে দেখে ছোট্ট বুটসি।
তার ঐতিহাসিক ভ্রমণের শেষ গন্তব্য ছিল ফ্রান্সের ডিজনিল্যান্ড প্যারিস। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর বাবা-মা ও পাঁচ বছরের বড় ভাই ব্রিগসকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছায় সে।
ডিজনিল্যান্ড প্যারিসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধি উইলিয়াম স্যান্ডন আনুষ্ঠানিকভাবে বুটসির রেকর্ডের স্বীকৃতি দেন।
চার বছর বয়সে পা রাখার আগেই বিশ্বের সব ডিজনি থিম পার্ক ঘুরে বুটসি সম্পন্ন করেছে এক ব্যতিক্রমী ভ্রমণ। এত অল্প বয়সে এমন কৃতিত্ব অর্জন করে সে এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় নিজের নামও লিখিয়েছে।
সূত্র: সামা টিভি



