বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত ৩১ দফার সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন, যা একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সেক্টরের সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করে।
শামা ওবায়েদ বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেছে এবং অর্থ লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা প্রয়োজন।”
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “একটি সুন্দর ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে।”
শামা ওবায়েদ আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে একটি মানবিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে, ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকারি চাকরিতে দলীয়করণ বন্ধ করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে মা-বোনেরা ও তাদের সন্তানরা নিরাপদে তিনবেলা খেতে পারে।
তিনি উল্লেখ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নিয়েছে, কিন্তু আমাদের আন্দোলন শেষ হয়নি। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে দেশের যুব সমাজ ভোটাধিকার বঞ্চিত হয়েছে।”
অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও নগরকান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



