tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবরুণ-জাহ্নবীর সঙ্গে ‘কফি উইথ করণ ৯’-এ অর্জুন, থাকছে বিশেষ চমক

বরুণ-জাহ্নবীর সঙ্গে ‘কফি উইথ করণ ৯’-এ অর্জুন, থাকছে বিশেষ চমক

বলিউডের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজন ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। নতুন সিজনে কোন কোন তারকাকে করণ জোহরের বিখ্যাত ‘কফি কাউচে’ দেখা যাবে, তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা জল্পনা। এরই মধ্যে জানা গেছে, শোটির একটি পর্বের শুটিং শেষ করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। তাঁদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছেন অভিনেতা অর্জুন কাপুর।

‘বাওয়াল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন বরুণ ও জাহ্নবী। এবার প্রথমবারের মতো কোনো চ্যাট শোয়ে জুটি হিসেবে দেখা যাবে তাঁদের। সূত্রের খবর, করণ জোহরের সঙ্গে তাঁদের কথোপকথন ছিল বেশ প্রাণবন্ত। শুটিংয়ে একে অপরকে নিয়ে মজা করার পাশাপাশি নানা ব্যক্তিগত বিষয় ও অজানা গল্পও শেয়ার করেছেন দুই তারকা।

তবে এই পর্বের মূল আকর্ষণ নাকি অর্জুন কাপুরের বিশেষ উপস্থিতি। গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং চলাকালে সেটে অর্জুনের আগমন বরুণ ও জাহ্নবীকে চমকে দেয়। বরুণের সঙ্গে অর্জুনের বন্ধুত্ব বলিউডে বেশ পরিচিত। এর আগে ২০১৬ সালে দুজন একসঙ্গে ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন। তাঁদের মজার কথোপকথন সেসময় দর্শকদের বেশ বিনোদন দিয়েছিল।

নতুন সিজনে অর্জুনের উপস্থিতি তাই দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করতে পারে। শোনা যাচ্ছে, শোয়ে পাঁচবার উপস্থিত হওয়ার সুবাদে তাঁকে বিশেষ ‘কফি অ্যাওয়ার্ড’ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এর আগেও ‘কফি উইথ করণ’-এর বিভিন্ন পর্বে দেখা গেছে অর্জুন কাপুরকে। রণবীর কাপুর ও রণবীর সিংয়ের পর্ব থেকে শুরু করে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফের পর্ব—বিভিন্ন সময়ে তাঁর উপস্থিতি নজর কেড়েছে।

এদিকে ‘কফি উইথ করণ ৯’-এর অতিথি তালিকা নিয়েও চলছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, প্রথম পর্বেই সালমান খানকে অতিথি হিসেবে দেখা যেতে পারে। শাহরুখ খান তাঁর ছেলে আরিয়ান খানের সঙ্গে শোয়ে হাজির হতে পারেন বলেও জল্পনা রয়েছে। এছাড়া কাজল, কারিনা কাপুর খান ও জয়া বচ্চনকে একই পর্বে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

তবে এসব অতিথির উপস্থিতি নিয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শোটির প্রিমিয়ারের নির্দিষ্ট তারিখও জানানো হয়নি। আগের সিজনগুলোর মতো এবারও ‘কফি উইথ করণ ৯’ জিওহটস্টারে স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে।