ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাদিয়া আক্তার (২৩) নেত্রকোণা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি নেত্রকোণা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জেলার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাদিয়া আক্তারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, কয়েকজনকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার ৩ হাজার টাকা করে নিয়েছেন—এমন অভিযোগ রয়েছে। গত ৮ সেপ্টেম্বর বিকেলে কুড়পাড় এলাকায় আরও একজনের কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।
পরে ৯ সেপ্টেম্বর সকালে পৌর শহরের বলাইনগুয়া চেয়ারম্যানবাড়ি এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় প্রতারণার মামলা করেন। ওই মামলায় পুলিশ সাদিয়া আক্তারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে ১৬ সেপ্টেম্বর দুপুরে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাদিয়া আক্তার।
অভিযোগের বিষয়ে সাদিয়া আক্তারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



