ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে স্বস্তির খবর পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। খেলোয়াড় নিবন্ধনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া হয়েছে সৌদি প্রো লিগের এই ক্লাবটির। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলাটিও আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি ঘোষণা করা হয়েছে।
সৌদি আরবের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে এমেরিক লাপোর্তকে দলে ভেড়ানোর চুক্তির অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ না করায় আল নাসরের ওপর এই শাস্তি দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩১ আগস্টের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ৯০ লাখ ইউরো পরিশোধ করার কথা ছিল, যা সময়মতো পরিশোধ করা হয়নি।
এর আগেও, ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার কয়েক মাস পর ২০২৩ সালের জুলাইয়ে ক্লাবটি একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়ে। তবে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় এখন থেকে নতুন খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না আল নাসরের জন্য।



