tanaka
প্রচ্ছদজাতীয়ফার্নেস অয়েলের দাম আবারও বাড়লো

ফার্নেস অয়েলের দাম আবারও বাড়লো

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে এবার ১৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (১৮ মে) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম লিটারে ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ এক মাসের ব্যবধানে আবারও এই জ্বালানির দাম বাড়ানো হলো।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের ক্রুড অয়েলের এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নিয়ে মে মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি জানায়, মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেট ও ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এপ্রিল মাসের মূল্য সমন্বয়ের সুপারিশ করা হয়।

পরবর্তীতে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় সেই সুপারিশ পর্যালোচনা করে দাম বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, আমদানি করা ফার্নেস অয়েলের বড় অংশ দেশের বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ে। বিশেষ করে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর খরচ এক লাফে বেড়ে যাবে, যা ভবিষ্যতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ মূল্যে নতুন চাপ তৈরি করতে পারে।