অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালি সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন—এমন কোনো তথ্য তিনি প্রকাশ করেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। কিন্তু এই বিষয়ে বাসস বা কোনো সংবাদমাধ্যম আমার সঙ্গে যোগাযোগ করেনি।”
তিনি উল্লেখ করেন, “বুধবার এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। এছাড়া, সফরকালে কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনার কথাও বলেছিলাম।”
শফিকুল আলম আরও বলেন, “তবে আমি কোথাও উল্লেখ করিনি যে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবেও এমন কোনো বৈঠকের সময়সূচি নির্ধারিত ছিল না। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করব তারা যেন তাদের প্রতিবেদন সংশোধন করে।”



