ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। ভুক্তভোগী পরিবারের দুরবস্থা দেখে মানবিক বিবেচনায় তিনি দ্রুত তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এ লক্ষ্যে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানার নেতৃত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ ছাড়া হামলায় গুরুতর আহত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান মাসুমকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুল হুদা, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামরুল হুদা বলেন, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কৃষক মিলনসহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে তারা সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হন।



