সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পে স্কেল বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন রয়েছে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এ উদ্যোগ বাস্তব রূপ পাবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, গত এক দশকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার পে কমিশন গঠন করেছে এবং এ বিষয়ে কাজ চলমান রয়েছে। পাশাপাশি অর্থনীতি চাঙা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।
পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থের বিষয় নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এজন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন, তবে দেশের অর্থনীতি আরও সুদৃঢ় হলে পে স্কেল বাস্তবায়নের পথ সুগম হবে। এ সংক্রান্ত বিষয়গুলো ভবিষ্যতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার দুর্নীতিমুক্ত, সুশাসন ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় কাজ করছে, যার সুফল আগামী প্রজন্ম ভোগ করবে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে কোনো ভুল ব্যাখ্যার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেকেই ‘হ্যাঁ’ ভোটকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে দেখছেন, যা সঠিক নয়। এটি গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের জন্যই প্রাসঙ্গিক এবং সুশাসন নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এর আগে অর্থ উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া একই দিন সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং বক্তব্য দেন তিনি।



