জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভোটার এলাকা পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভোটার হয়েছেন। অন্যদিকে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।
একই সময়ে দুই নেতার বিপরীতমুখী এই ভোটার এলাকা পরিবর্তনকে ঘিরে প্রশ্ন উঠেছে—আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কি তাঁদের নিয়ে বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা করছে এনসিপি?
কে কোন এলাকার ভোটার হলেন
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন তিনি। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তাঁর আবেদন অনুমোদন করে ইসি।
অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। সম্প্রতি তাঁর ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আসিফ মাহমুদও ইসির নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও নথিপত্র পরীক্ষা শেষে তাঁর আবেদন অনুমোদন করা হয়।
মেয়র প্রার্থিতার ইঙ্গিত?
দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা চলছে।
এ কারণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা দক্ষিণে এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঢাকা উত্তরে ভোটার হওয়াকে নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন না অনেকে।
রাজনৈতিক অঙ্গনে এখন মূল প্রশ্ন—আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি কি আসিফ মাহমুদকে ঢাকা উত্তর এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করার কথা ভাবছে? নাকি ভোটার এলাকা পরিবর্তনের পেছনে রয়েছে আরও কোনো রাজনৈতিক সমীকরণ?
এ বিষয়ে এনসিপির এক শীর্ষ নেতা যুগান্তরকে বলেন, ‘এ দুই এলাকা থেকে তাঁদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি। সে পরিপ্রেক্ষিতেই তাঁরা নির্বাচনী এলাকা পরিবর্তন করেছেন।’
আব্দুল কাদেরের পোস্টে নতুন আলোচনা
এনসিপির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়েছেন।
একটি পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা দক্ষিণ থেকে নির্বাচনের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন। সেখানে জামায়াত থেকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রসঙ্গও তোলেন তিনি। পাশাপাশি পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের প্রভাব নিয়ে প্রশ্ন রাখেন।
অন্য একটি পোস্টে আব্দুল কাদের আসিফ মাহমুদের ঢাকা উত্তর থেকে নির্বাচনের সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। ঢাকা উত্তরের পরিবেশ ও মানুষের চিন্তাভাবনার সঙ্গে আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিত্বের সামঞ্জস্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সব মিলিয়ে দুই নেতার ভোটার এলাকা পরিবর্তন এনসিপির সম্ভাব্য নির্বাচনী কৌশল নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তবে তাঁদের প্রার্থিতার বিষয়ে দলীয়ভাবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত এটি রাজনৈতিক অঙ্গনের একটি সম্ভাব্য সমীকরণ হিসেবেই থাকছে।



