কখনও হরমুজ প্রণালির নাম পরিবর্তনের কথা, কখনও কানাডার লেকের নতুন নাম—ভৌগোলিক স্থানের নাম বদলানোর নানা উদ্যোগ ও মন্তব্যে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর নজর পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নামের দিকে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তবে তাঁর এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর মিশেল লুজান গ্রিশাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, অনেকেই নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, সম্ভাবনাময় এই অঙ্গরাজ্যের মানুষের জন্য নতুন নামটি আরও মর্যাদাপূর্ণ ও সুন্দর হবে। ট্রাম্প লিখেছেন, ‘আমি এটা ভালোবাসি!’
তবে গভর্নর মিশেল লুজান গ্রিশাম স্পষ্ট করে বলেছেন, নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকেই অঙ্গরাজ্যটির এই নাম ব্যবহৃত হয়ে আসছে।
ট্রাম্পকে সমালোচনা করে গভর্নর আরও বলেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মার্কিন নাগরিকদের মনোযোগ সরাতেই এসব বিষয় সামনে আনা হচ্ছে।
‘নিউ আমেরিকা’ ধারণার উৎস কোথায়?
মার্কিন কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ করার ধারণাটি মূলত ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি মজার প্রচারণা বা হোক্স থেকে এসেছে। পরে সেই ধারণা নিয়েই প্রকাশ্যে মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্পের নাম পরিবর্তনের উদ্যোগ
ভৌগোলিক স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে ট্রাম্প প্রশাসন এর আগেও আলোচনায় এসেছে।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার প্রথম দিনেই ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নেন। তবে মেক্সিকোসহ বিভিন্ন পক্ষ এই নাম পরিবর্তনের বিরোধিতা করে।
এরপর ২০২৬ সালের আগস্টের শেষ দিকে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যেই অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দেন ট্রাম্প। কানাডার কর্মকর্তা ও স্থানীয় নেতারাও এ পরিবর্তন প্রত্যাখ্যান করেন।
সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ করার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জানান, এটি কোনো গুরুতর পরিকল্পনা ছিল না।
এবার সেই তালিকায় যুক্ত হলো নিউ মেক্সিকো। ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে অঙ্গরাজ্যটির নতুন নাম হতে পারে ‘নিউ আমেরিকা’। তবে গভর্নরের স্পষ্ট আপত্তির পর এ উদ্যোগ বাস্তবে কতদূর এগোয়, সেটিই এখন দেখার বিষয়।



