বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যেই গোবিন্দের সঙ্গে এক তরুণীর পরকীয়ার খবর ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় আসে তাঁদের সংসার।
বুধবার সকালে মুম্বাইয়ের একটি আদালতে দেখা যায় সুনীতা আহুজাকে। তাঁর সঙ্গে ছিলেন ছেলে যশবর্ধন। আদালত থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরা এড়িয়ে যান সুনীতা। এমনকি ক্যামেরার সামনে মুখও দেখাতে চাননি তিনি। পুরো সময় মায়ের পাশে ছিলেন যশবর্ধন।
সুনীতাকে আদালতে দেখার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—তবে কি গোবিন্দের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্যজীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি? বিশেষ করে সাম্প্রতিক পরকীয়ার গুঞ্জনের পর তাঁর আদালতে উপস্থিতি সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
তবে বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে গোবিন্দের পক্ষ। অভিনেতার দলের দাবি, সুনীতা তাঁর করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
গোবিন্দের দলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সবাই এত ভয় পাচ্ছেন কেন? সুনীতাজি ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিয়েছেন, এটা তো খুশির খবর।’
জানা গেছে, ২০২৪ সালে বান্দ্রার পারিবারিক আদালতে বিচ্ছেদের মামলা করেছিলেন সুনীতা। অভিনেতার দলের দাবি, প্রায় দেড় বছর পর সেই মামলারই নিষ্পত্তি হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে গোবিন্দ ও সুনীতার সম্পর্ক নিয়ে নানা খবর প্রকাশিত হলেও তাঁদের দাম্পত্যজীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে দুজনের কেউই বিস্তারিতভাবে মুখ খোলেননি। ফলে সুনীতার আদালতে যাওয়ার প্রকৃত কারণ নিয়েও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।



