tanaka
প্রচ্ছদঅন্যান্যনৌকা স্থগিত রেখে ১২০ নির্বাচনি প্রতীক চূড়ান্ত করল ইসি

নৌকা স্থগিত রেখে ১২০ নির্বাচনি প্রতীক চূড়ান্ত করল ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২০টি নির্বাচনি প্রতীকের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তালিকায় ‘নৌকা’ প্রতীক রাখা হলেও সেটিকে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নতুন করে ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধনের মাধ্যমে প্রতীকের এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় এবং তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, Representation of the People Order, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত থাকা প্রতীক বাদ দিয়ে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একটি প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।

নতুন তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে ‘না’ প্রতীক যোগ হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২০টি। তালিকায় আনারস, আপেল, আম, ঈগল, উট, গরুর গাড়ি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, লাঙল, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুড়াল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চেয়ার, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেলিভিশন, তালা, দাঁড়িপাল্লা, ধানের শীষ, নোঙ্গর, পালকি, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, বালতি, বৈদ্যুতিক পাখা, মশাল, মাছ, মোটরসাইকেল, মোমবাতি, মোরগ, সিংহ, হাতি, হাতুড়ি, হারিকেন, হেলিকপ্টার, হ্যান্ডশেকসহ বিভিন্ন প্রতীক রয়েছে।

প্রতীক তালিকার ৬৫ নম্বরে থাকা ‘নৌকা’র পাশে ‘স্থগিত’ উল্লেখ করা হয়েছে। ফলে তালিকায় প্রতীকটি থাকলেও সংশোধিত বিধান অনুযায়ী এটি বর্তমানে প্রার্থীদের মধ্যে বরাদ্দযোগ্য প্রতীকের অন্তর্ভুক্ত নয়।

এ ছাড়া কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটারদের মতামত জানানোর সুযোগ হিসেবে ব্যালটে ‘না’ প্রতীক রাখার বিধান যুক্ত হয়েছে।

প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর রয়েছে। সংশোধিত বিধিমালার ভিত্তিতেই পরবর্তী নির্বাচনি কার্যক্রম পরিচালিত হবে।