নেত্রকোনার আটপাড়ায় বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আল মামুন ওই গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে। তিনি চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই মল্লিক নগর এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই বাড়ির সামনে গরুর খাবারের জন্য ঘাস কাটতে বের হন আল মামুন। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এদিকে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। তিনি জানান, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।



