tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকদুই বছরের মধ্যে মেট্রোরেলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত: কেন্দ্রীয় মন্ত্রী

দুই বছরের মধ্যে মেট্রোরেলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত: কেন্দ্রীয় মন্ত্রী

আগামী দুই বছরের মধ্যে মেট্রোরেলের মোট দৈর্ঘ্যের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে ভারত। তখন চীন ছাড়া বিশ্বের আর কোনো দেশের মেট্রোরেল নেটওয়ার্ক ভারতের চেয়ে বড় থাকবে না বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল।

ইন্দোরে নতুন একটি মেট্রোরেল লাইন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট ১ হাজার ৩৮৬ কিলোমিটার মেট্রোরেল নেটওয়ার্ক রয়েছে। ইন্দোরে নতুন লাইন চালুর পর ভারতে মেট্রোরেলের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ কিলোমিটারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের চেয়ে ভারত এখন মাত্র ২১৬ কিলোমিটার পিছিয়ে।

তালিকার শীর্ষে রয়েছে চীন। দেশটিতে প্রায় ৮ হাজার কিলোমিটার মেট্রোরেল নেটওয়ার্ক চালু রয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে অনুষ্ঠানে মনোহর লাল বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গঠনের সময় ভারতের মাত্র পাঁচটি শহরে প্রায় ২৪৫ কিলোমিটার মেট্রোরেল চালু ছিল। বর্তমানে দেশের ২৬টি শহরে মেট্রোরেল চলাচল করছে।

তিনি বলেন, মেট্রোরেল শুধু মানুষের যাতায়াতের সুবিধা বাড়ায় না, একই সঙ্গে জীবনযাত্রাকে আরও সহজ ও আরামদায়ক করে তোলে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, ইন্দোরে নতুন মেট্রোরেল লাইন শহরটির যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। ভবিষ্যতে এ রেললাইন উজ্জয়িনীসহ আশপাশের অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে।

ইন্দোর থেকে মানমাদ পর্যন্ত নতুন একটি বড় রেললাইন অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি। এ রেললাইন চালু হলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এর আগে ইন্দোরে মাত্র ৬ কিলোমিটার পথে মেট্রোরেল চলাচল করত। নতুন লাইন চালুর পর নেটওয়ার্কটি বেড়ে ১৭ কিলোমিটার হয়েছে। নতুন এ পথে রয়েছে ১৬টি স্টেশন, যা শহরের গুরুত্বপূর্ণ বাজার, বাণিজ্যিক এলাকা ও আবাসিক অঞ্চলগুলোকে সংযুক্ত করবে।

নতুন রুটে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত মেট্রোরেল চলবে। প্রতি ১৫ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে এবং প্রতিদিন ৮০টির বেশি ট্রিপ পরিচালিত হবে।

সূত্র: এনডিটিভি