tanaka
প্রচ্ছদজাতীয়তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালে গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সহমর্মিতা প্রকাশ, ত্রাণ ও মানবিক কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিঠিতে বালেন্দ্র শাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহানুভূতিশীল বার্তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

চিঠিতে তিনি বলেন, ২৬ আগস্ট নেপালে আঘাত হানা আকস্মিক বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগ দেশটির জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।

বালেন্দ্র শাহ বলেন, এই কঠিন সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। মর্মান্তিক এই পরিস্থিতি কাটিয়ে নেপালের জনগণকে ঘুরে দাঁড়াতে এবং নতুন করে জীবন গড়ে তুলতে বাংলাদেশের এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সংসদের এ উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।

চিঠিতে বালেন্দ্র শাহ আরও বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, বরং শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।

প্রতিকূলতার সময়ে বাংলাদেশ নেপালের পাশে দাঁড়িয়ে যে সহমর্মিতা ও সহযোগিতা দেখিয়েছে, তা নেপালের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের এই সহযোগিতা ও সংহতির কথা নেপালের জনগণের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।