ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে নিজের বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
সাক্ষাৎকালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন। তারা সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পাশাপাশি মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড় দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানান।
জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে সরকারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মতবিনিময় শেষে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা উল্লেখ করে একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে তুলে দেন। এতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
নাগরিক সমাজের নেতারা এসব বিষয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সহযোগিতা কামনা করেন।



