tanaka
প্রচ্ছদরাজনীতিঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম অনুষ্ঠানে প্রার্থীর নাম ঘোষণা করেন।

দেলাওয়ার হোসেন বর্তমানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বেও ছিলেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠনই গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান পথ। গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে ১১ দলের সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

শূন্য আসনে উপনির্বাচনের উদ্যোগ নেওয়ার পর জামায়াতও নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। আগের জাতীয় নির্বাচনেও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা দেলাওয়ার হোসেনকেই এবার আবারও প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দলটি।

ফলে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের হয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনী মাঠে নামছেন দেলাওয়ার হোসেন।