tanaka
প্রচ্ছদসারাদেশসুবর্ণচরে পৃথক ঘটনায় নারী-শিশুসহ তিনজনের মৃত্যু

সুবর্ণচরে পৃথক ঘটনায় নারী-শিশুসহ তিনজনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ব্র্যাককর্মী দাউদুল ইসলাম (৩০), গৃহবধূ তামান্না আক্তার (২৩) এবং শিশু হামিম (৩)।

পুলিশ জানায়, নিহত দাউদুল ইসলাম ফেনী সদর উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার এলাকায় ব্র্যাকের একটি শাখায় কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ কক্ষ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই ইউনিয়নের জাহাজমারা গ্রামের রিপনের স্ত্রী তামান্না আক্তার নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হলে পুলিশ ময়নাতদন্তের জন্য তা উদ্ধার করে।

এদিকে, চর আমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জসিম উদ্দিনের তিন বছর বয়সী ছেলে হামিম পানিতে ডুবে মারা যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, দাউদুল ইসলাম ও তামান্না আক্তারের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে তাঁদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

শিশু হামিমের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।