টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনেই এসে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা ও শহর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ, বিশেষ করে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফরহাদ ইকবাল বলেন, “চরাঞ্চলের মানুষের ভালোবাসা ও সমর্থনেই এই বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন। গত ১৭ বছর ধরে টাঙ্গাইলের চরাঞ্চলে নানা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মানুষের পাশে থেকেছি। তাই তারা আমাকে গ্রহণ করেছে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই নির্বাচনে আমি জনগণের প্রতিনিধি হিসেবে এগিয়ে যেতে চাই।”



