বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের সঙ্গে এফবিসিসিআই’র একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হায়দার ও নিজাম উদ্দিন রাজেশ, বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান ও সাবেক সভাপতি এস. এম. ফজলুল হক, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, এফবিসিসিআই’র সাবেক পরিচালক আব্দুল হক, গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), আব্দুল ওয়াহেদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন (নয়ন) এবং বাংলাদেশ সুপার মার্কেটস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
বৈঠকে ব্যবসায়ী নেতারা এলডিসি উত্তরণের প্রেক্ষিতে আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি, সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্যের পুনরুদ্ধার এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াতে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন।
প্রধান প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল:
- ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পুনর্গঠনে নীতিগত সহায়তা কমিটির কার্যকাল বর্ধিতকরণ
- রপ্তানিমুখী শিল্পের ব্যাংকিং সমস্যা সমাধানে ‘পয়েন্ট অব কন্টাক্ট’ স্থাপন
- সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা
- রপ্তানি উন্নয়ন তহবিল (EDF) এর আকার বাড়ানো ও সুদের হার হ্রাস
- এসএমই খাতে বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাক-টু-ব্যাক এলসি খোলার সুযোগ প্রদান
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



