ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট দলগুলোর প্রধানের কাছে পাঠানো ইসির চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিটি পাঠানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের কাছে।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে যে, ২১ জানুয়ারির আগে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনি প্রচারণা অব্যাহত রেখেছে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮-এর পরিপন্থি।
অভিযোগগুলো পর্যালোচনা করে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের আগে নির্বাচনি প্রচারণা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।
উল্লেখ্য, নির্বাচনি তফশিল অনুযায়ী ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হবে। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।



