চীনের পূর্বাঞ্চলের একটি বন্দরে নোঙর করা বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন বলে জানা গেছে।
চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরনগরী শিংদাওয়ের একটি শিপইয়ার্ডে মেরামতের কাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটের দিকে লাইবেরিয়ার পতাকাবাহী ‘ওশান মেলোডি’ জাহাজটিতে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের পর দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই প্রাণহানির ঘটনা ঘটে।
সামুদ্রিক যান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৯০ মিটার (৬২৩ ফুট) দীর্ঘ জাহাজটি গত ৩১ আগস্ট শিংদাও বন্দরে পৌঁছায়। শিংদাও চীনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোর একটি।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী জানান, জাহাজটি থেকে কুণ্ডলী পাকিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তবে তিনি কোনো ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পাননি।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং ভবিষ্যতে দ্বিতীয় দফায় কোনো ধরনের ঝুঁকি বা ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সূত্র: বিবিসি



