tanaka
প্রচ্ছদজাতীয়চালুর পরদিনই মহিলা বাসে যাত্রী নেই

চালুর পরদিনই মহিলা বাসে যাত্রী নেই

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে উদ্বোধনের পরদিনই দেখা গেলো ফাঁকা মহিলা বাস।

সড়কে চলাচলকারী মহিলা বাস সার্ভিসে অধিকাংশ আসন ফাঁকা ও হাতে গোনা যাত্রী নিয়ে চলাচলের চিত্র দেখা মিললেও সাধারণ গণপরিবহনে মহিলা যাত্রীর উপস্থিতি ছিল চোখে পরার মতো। একই সঙ্গে এদিন সকালের শুরুতে গন্তব্যমুখী নারীদের সাধারণ গণপরিবহনের গেটে ঝুলে চলাচল করতেও দেখা গেছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল আনুমানিক ৯টার পর পর রাজধানীর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করতে দেখা যায় মিরপুর ১০ নম্বর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী একটি মহিলা বাস সার্ভিস। এসময় বাইরে থেকে ওই বাসটির দোতলায় কোনো যাত্রী না থাকায় সম্পূর্ণ আসন ফাঁকা থাকতে দেখা গেছে। তবে বাসটির নিচতলায় ৪-৫ জন মহিলা যাত্রীকে আসনে বসে থাকতে দেখা গেছে। এছাড়া সব আসন ফাঁকা নিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

তবে এসময় বাসটির পেছন গেটে একজন পুরুষ যাত্রী ও চালকের সহকারীর আসনে একজন পুরুষকে দেখা গেছে। সকাল ৯টার পর পর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করা গাড়িটির পিছু নেয় জাগো নিউজ। কয়েকটি বাস পয়েন্ট অতিক্রম করে আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে আড়ং ট্রাফিক সিগনাল পেরিয়ে সংসদ ভবন পর্যন্ত গাড়িটির পিছু নিয়ে গাড়িটিতে কোন যাত্রী উঠতে ও নামতে দেখা যায়নি। ফলে যাত্রী সংকটে গাড়িটি কোনো বাস পয়েন্টে না দাঁড়ানোয় চালক বা চালকের কারো বক্তব্য পাওয়া যায়নি।