পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধীদল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। তাদের কর্মকাণ্ডের সঙ্গে ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের মিল রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধীদলের গালিগালাজ ও বক্তব্যকে যদি গণতন্ত্রের সৌন্দর্য বলা হয়, তাহলে এদেশের মানুষ তাদের গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। তাদের কর্মকাণ্ডকে গণতন্ত্রের সৌন্দর্যও বলা যায় না। তারা গণতন্ত্র ধ্বংসের জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা নিজেরাই বলছে, ১১ দলের দাবি না মানলে বোমাবাজি বন্ধ হবে না, ককটেলবাজিও বন্ধ হবে না।
পানিসম্পদ মন্ত্রী বলেন, যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা ওই পাড়ে বসে তাদের কাজ করছে। তাদের গাড়িতে আগুন, তাদের নেতৃত্বে ককটেল হামলা ও ঝটিকা মিছিলের সঙ্গে বর্তমান বিরোধীদলের অপকর্ম, কথাবার্তা ও কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যায়।
তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের স্মরণ করিয়ে দিতে চাই, এটা জিয়ার দল, এটা খালেদা জিয়ার দল। আন্দোলন করতে করতে আমরা এখানে এসেছি। রাজপথ থেকে উঠে এসেছি, রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছি। আগামী দিনেও এই অপশক্তিকে রাজপথে মোকাবিলা করব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অনেকে।



