বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সময় ৯.৪৭ মিনিটে এক্স (X) হ্যান্ডেলে শোকবার্তা দিয়ে তিনি লিখেছেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার ও বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।”
মোদি আরও উল্লেখ করেছেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ছিল, যা স্মরণীয় হয়ে থাকবে। তিনি খালেদার সঙ্গে তার সাক্ষাতের দুটি ছবিও শেয়ার করেছেন। ২০১৫ সালে ঢাকায় তাদের উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করে মোদি লিখেছেন, “আমরা আশা করি তাঁর দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে।” পাশাপাশি তিনি প্রার্থনা করেছেন, খালেদার আত্মা শান্তিতে থাকুক। খালেদা জিয়া অসুস্থ থাকার সময় মোদি এক বার্তায় তার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন এবং চিকিৎসায় সবরকম সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।



