tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকক্ষমা চেয়ে প্রেসিডেন্টকে চিঠি, তেল আবিবে নেতানিয়াহু-বিরোধী বিক্ষোভ

ক্ষমা চেয়ে প্রেসিডেন্টকে চিঠি, তেল আবিবে নেতানিয়াহু-বিরোধী বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় সম্পূর্ণ ক্ষমা চেয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের কাছে চিঠি পাঠিয়েছেন। এই আবেদনকে কেন্দ্র করে রোববার রাতে তেল আবিবে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভে নামেন অসংখ্য নাগরিক। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা প্রত্যাখ্যানের আহ্বান জানান।—অনলাইন আল জাজিরা।

বিক্ষোভে বিরোধী দলের এমপি নাআমা লাজিমিসহ অনেকেই উপস্থিত ছিলেন। এক বিক্ষোভকারী নেতানিয়াহুর সাজে কমলা রঙের বন্দির পোশাক পরে ব্যঙ্গাত্মকভাবে অংশ নেন। অন্যরা কলার স্তূপের পাশে ‘পার্ডন’ লেখা ব্যানার প্রদর্শন করে অসন্তোষ জানান।

আন্দোলনকারী শিকমা ব্রেসলার বলেন, “নেতানিয়াহু বিচার থেকে বাঁচতে চান, কিন্তু কোনো দায় স্বীকার করছেন না। তিনি দেশকে গভীরভাবে বিভক্ত করেছেন।”

গত পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে। একটি মামলায় তার ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ধনী কোটিপতিদের কাছ থেকে মূল্যবান উপহার—সিগার, গয়না ও শ্যাম্পেন—গ্রহণের অভিযোগ রয়েছে। অন্য দুই মামলায় সংবাদমাধ্যমকে প্রভাবিত করে অনুকূল খবর আদায়ের অভিযোগ রয়েছে।

সব অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহুর আইনজীবীরা ১১১ পৃষ্ঠার চিঠি প্রেসিডেন্ট কার্যালয়ে জমা দিয়েছেন, যেখানে তারা উল্লেখ করেন—বিচার শেষ হলে নেতানিয়াহু খালাস পাবেন বলেই বিশ্বাস করেন। একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, বিচার চালিয়ে যেতে চাইলেও বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। তার দাবি, বিচার চলতে থাকলে দেশ আরও বিভক্ত হয়ে পড়বে।