সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া গতির মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে এবং দুই সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা খাতুন তার আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে অটোভ্যানে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। বকুলতলা আনসার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



