সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মাথায় নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানে প্রবেশ করে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যসহ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’। এ সময় প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই হাততালি দিয়ে সংগীতের সঙ্গে তাল মেলান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ। এদিন সকাল থেকেই টিঅ্যান্ডটি মাঠে জড়ো হন নিম্ন আয়ের বহু মানুষ। তাদের অনেকের মুঠোফোনে এরই মধ্যে সরকারি সহায়তার টাকা জমা হওয়ার বার্তা পৌঁছে গেছে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তা পেয়ে অনেকের চোখে-মুখে ছিল আনন্দের অশ্রু। কেউ এই টাকায় ওষুধের খরচ মেটানোর স্বপ্ন দেখছেন, কেউবা ভাবছেন কিছুটা সঞ্চয়ের কথা।
উদ্বোধনের আগেই উপকারভোগীদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে বলে জানা গেছে। এর আগে সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইলট পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণত পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য একটি কার্ড দেওয়া হবে। তবে বড় বা যৌথ পরিবারের ক্ষেত্রে আনুপাতিক হারে কার্ড সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।



