tanaka
প্রচ্ছদজাতীয়ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। ‘এমভি ওশন উইনার’ নামের জাহাজটিতে ২৪ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনা, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। দুর্ঘটনার পর দুই নাবিককে জীবিত উদ্ধার করা হলেও বাংলাদেশিসহ ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে জাহাজটি। শনিবার (২৩ আগস্ট) পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতীয় কোস্টগার্ডের আন্দামান-নিকোবরের শ্রী বিজয়া পুরমে অবস্থিত মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) কর্মকর্তারা জানান, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির নির্মাণকারী প্রতিষ্ঠানের একটি সহযোগী সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, এমভি ওশন উইনারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং জাহাজটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

এরপর জাহাজটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড। দীর্ঘ তল্লাশির পর শনিবার রাত ৮টার দিকে দুই নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের পাশাপাশি ভারতীয় নৌবাহিনীও অংশ নিয়েছে। নিখোঁজ নাবিকদের সন্ধানে নৌবাহিনীর তিনটি জাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত—মোতায়েন করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারে সমুদ্রজুড়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা এখনো জানা যায়নি।