ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’-এ অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে নতুন রূপে, যা দর্শকদের জন্য বড় চমক হতে পারে।
এর আগে পরিচালক রায়হান রাফী ‘পরাণ’ ও ‘তুফান’ সিনেমা নির্মাণ করে দর্শকদের মন জয় করেছেন। এবার তিনি নতুনভাবে কিছু দেখাতে চান। সিনেমাটির শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। বুবলীর নতুন লুকে গল্পটি নারীদের চারপাশে আবর্তিত হবে, যেখানে তাকে ভিন্ন আবহে দেখা যাবে।
নতুন সিনেমার কাজ নিয়ে বুবলী বলেন,
“গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুবই ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এ জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনে এনেছে।”
যদিও সিনেমাটি নারীকেন্দ্রিক, তবুও রহস্যময় এক পুরুষ চরিত্রও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শোনা যাচ্ছে, সেই চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরী-কে। তবে প্রযোজনা সংস্থা বা নির্মাতা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।
এর আগে ২০২২ সালে পরিচালক রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ অভিনয় করেছিলেন বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও এই জুটি বড়পর্দার জন্য একসঙ্গে কাজ করছেন। সিনেমায় থাকছেন আরও দুই নতুন প্রিয় মুখ নাজিফা তুষি ও মারিয়া শান্ত।



