আসন্ন ২০২৬–২৭ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি এ তথ্য জানান।
আসন্ন মৌসুমে বিপিএল আয়োজনের সম্ভাবনা আছে কি না—জানতে চাইলে তামিম বলেন, “আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হচ্ছে না।”
বিপিএলের সাম্প্রতিক নানা অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি ও নিয়ম ভঙ্গ এবং আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরে বিসিবি সভাপতি বলেন, টুর্নামেন্টটি আগের কাঠামোয় চালিয়ে যাওয়ার পক্ষে তিনি নন।
তামিমের ভাষ্য অনুযায়ী, কোনো ফ্র্যাঞ্চাইজি মাঝপথে সরে দাঁড়ালে বা নিয়ম না মানলে শেষ পর্যন্ত বিসিবিকেই সেই দলের দায়িত্ব নিতে হয়। গত দুই বছরে এভাবে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লোকসান হওয়ার কথা নয়। তাই সমস্যাগুলোর সমাধান না করে শুধু টুর্নামেন্ট আয়োজনের জন্য আর্থিক ক্ষতি মেনে নেওয়া হবে না।
তবে বিপিএল পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেই বলে জানান বিসিবি সভাপতি। বরং প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনের জন্য সময় নিয়ে ভবিষ্যতে আরও সুশৃঙ্খল ও টেকসই বিপিএল আয়োজন করতে চান তিনি।
তামিম আরও বলেন, বিপিএল আয়োজনের ইচ্ছা রয়েছে, তবে তাড়াহুড়ো করে নয়—প্রথমে টুর্নামেন্টের কাঠামোগত সমস্যাগুলো সমাধান করাই এখন অগ্রাধিকার।



