ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দি একদিনে মারা গেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন— আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।
রোববার সকাল ৮টার দিকে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে আবুল বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কারারক্ষীরা। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইভাবে সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় আব্দুল কাইয়ুমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা আবুল বাশার ও আব্দুল কাইয়ুমকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শাহাদাত হোসেনকে গত ২৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা গেছে, আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী। আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাদুয়ার বাজার এলাকায়। আর শাহাদাত হোসেন মিরপুর-২-এর বড়বাগ এলাকায় থাকতেন। তার বাবার নাম আব্দুল কাদের।
তবে তারা কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।



