tanaka

শান্ত-মিরাজকে ফিরিয়ে ৩০০ উইকেটের মাইলফলকে হ্যাজলউড

ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ক্যারিয়ারের ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও...
প্রচ্ছদজাতীয়ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার প্রলোভন, সতর্কবার্তা

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার প্রলোভন, সতর্কবার্তা

ইসলামিক ফাউন্ডেশনের নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তা দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগের পর সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটির সদস্যসহ সাধারণ মানুষকে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানতসহ বিভিন্ন অজুহাতে অর্থ চাওয়া হচ্ছে।

একইভাবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানী, অনুদান কিংবা বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ বা নগদে অর্থ পাঠানোর জন্য প্রলুব্ধ করা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমেই প্রকাশ করা হয়। কোনো ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ প্রদান করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, সম্মানী, অনুদান কিংবা আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ নেই।

প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে প্রতারকচক্র অনেক সময় কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, ছবি ও স্বাক্ষরও ব্যবহার করছে। এমনকি বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফরম এবং অর্থ সহায়তার তালিকা তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন এসব কর্মকাণ্ডকে বেআইনি ও প্রতারণামূলক উল্লেখ করে জানিয়েছে, এতে চাকরিপ্রার্থী ও মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক ক্ষতির পাশাপাশি বিভ্রান্তির শিকার হচ্ছেন।

নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রার্থীদের স্মারক নম্বর, প্রকাশের তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করার পর আবেদন করতে বলা হয়েছে। ফোন, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে কেউ চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মসজিদ কমিটির সদস্যদেরও একইভাবে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন। সরকারি সম্মানী, অনুদান, অর্থ সহায়তা বা কোনো বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে কেউ আগাম টাকা, রেজিস্ট্রেশন ফি কিংবা ব্যক্তিগত আর্থিক লেনদেনের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া অপরিচিত ব্যক্তি বা অনলাইন গ্রুপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিংয়ের PIN, OTP, পাসওয়ার্ডসহ কোনো গোপনীয় তথ্য না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক কোনো বিজ্ঞপ্তি, ফোন নম্বর, চিঠি, নিয়োগপত্র কিংবা অর্থ লেনদেনের প্রস্তাব পেলে স্ক্রিনশট, ফোন নম্বর, লেনদেনের তথ্যসহ প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এ ধরনের ঘটনায় দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি জানাতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো নিয়োগ, অনুদান বা আর্থিক সহায়তার তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রয়োজনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে তথ্যের সত্যতা নিশ্চিত করার পর কোনো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।