tanaka
প্রচ্ছদসারাদেশইসরাইলি ড্রোন হামলায় নিহত শুভর লাশ ফিরল ৩ মাস ২৫ দিন পর

ইসরাইলি ড্রোন হামলায় নিহত শুভর লাশ ফিরল ৩ মাস ২৫ দিন পর

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের লাশ দীর্ঘ তিন মাস ২৫ দিন পর দেশে ফিরেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শুভর লাশ নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও এলাকাবাসী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। এরপর নানা আনুষ্ঠানিকতা শেষে প্রায় চার মাস পর তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। দুপুরে পারিবারিকভাবে তার সৎকার সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ ছিলেন দ্বিতীয়। পরিবারের আর্থিক সংকট দূর করার স্বপ্ন নিয়ে প্রায় আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমান তিনি। বিদেশে যাওয়ার খরচ জোগাতে পরিবারের দুই শতক বসতভিটাও বিক্রি করতে হয়েছিল।

পরিবারের আশা ছিল, বিদেশে কাজ করে শুভ সংসারের অভাব ঘোচাবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরতে হলো তাকে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মঈন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে শুভর পরিবারকে ইতোমধ্যে ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে। পরবর্তী সময়ে জীবনবীমার আওতায়ও পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

শুভ দাসের মৃত্যুর মধ্য দিয়ে লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় সাতক্ষীরা জেলার তিনজনের মৃত্যু হলো। এর আগে একই ধরনের হামলায় আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম নিহত হন।

সংসারের অভাব ঘোচানোর স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া শুভ আর ফিরলেন না—ফিরল তার নিথর দেহ।