ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, আজই পাকিস্তানে এ চুক্তি সম্পন্ন হতে পারে।
সোমবার (২০ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, যুদ্ধ পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু করতে আবারও পাকিস্তানে যাচ্ছে একটি মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে দলটি সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। একই দিন সামাজিক মাধ্যমেও তিনি বিষয়টি উল্লেখ করেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আগের মতো এবারও প্রতিনিধিদলে ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার থাকছেন।
এদিকে সম্ভাব্য এই আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানী ইসলামাবাদের রেড জোনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং কিছু সড়ক বন্ধ রাখা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সেখানে একাধিক মার্কিন সি-১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজ অবতরণ করেছে বলে জানা গেছে। পাশাপাশি নিরাপত্তা দল ও সাঁজোয়া যানসহ যুক্তরাষ্ট্রের অগ্রবর্তী প্রতিনিধিরাও পৌঁছাতে শুরু করেছে।
অন্যদিকে, সম্ভাব্য আলোচনার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ সময় তিনি চলমান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় নিরপেক্ষ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



