ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অর্থের প্রবাহ এবং পণ্য সংগ্রহের নেটওয়ার্ক বন্ধে সহায়তা করতে বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে এসব তথ্য সরবরাহ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আর্থিক অপরাধবিষয়ক সংস্থা ফিনসেনের (FinCEN) মাধ্যমে তথ্য বিনিময় করা হয়।
ফিনসেনের ‘এক্সচেঞ্জ’ কর্মসূচির আওতায় আয়োজিত বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ স্বেচ্ছায় অংশ নেয়। বৈঠকে ইরানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আর্থিক নেটওয়ার্ক ও মধ্যস্থতাকারীদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, এসব নেটওয়ার্ক ইরান ও দেশটির মিত্র গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের সুযোগ করে দেয়। ওয়াশিংটনের দাবি, এর মাধ্যমে অর্থ পাচার, অস্ত্র সংগ্রহ এবং আঞ্চলিক সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করা হয়।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তেহরানের হাতে থাকা অর্থনৈতিক সুযোগগুলো বন্ধ করতে যুক্তরাষ্ট্র আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।
গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করে। বেসেন্টের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের মূল লক্ষ্য ইরানকে বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা।
অভিযানের আওতায় সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয় সোমবার। ওই দিন ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের (VTB Bank) ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
সূত্র: শাফাক নিউজ



