tanaka
প্রচ্ছদজাতীয়আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে অনুসন্ধানের জন্য চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি।

দুদক সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ ও বদলি এবং বিভিন্ন কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে ওই চারজনের বিরুদ্ধে।

বুধবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে অনুসন্ধান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের গঠিত অনুসন্ধান কমিটির নেতৃত্বে রয়েছেন সংস্থাটির উপপরিচালক মো. জাহিদ কালাম।

দুদক সূত্রের দাবি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ করিয়ে দেওয়ার জন্য ঘুষ গ্রহণ ও অর্থপাচারের (মানিলন্ডারিং) অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আসিফ মাহমুদ তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।