আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫০০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছে আরও এক হাজারের বেশি মানুষ। রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে তালেবান নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দুর্গম অঞ্চলে এখনো পৌঁছানো সম্ভব না হওয়ায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি রবিবার রাত ১২টার দিকে (বাংলাদেশ সময় ভোর ৩টা ৩০ মিনিট) জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে, পাকিস্তান সীমান্তের কাছে আঘাত হানে।
আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, “দূরবর্তী পার্বত্য এলাকায় ভূমিকম্পটি আঘাত হানায় ক্ষয়ক্ষতির সঠিক চিত্র পেতে সময় লাগবে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং শত শত উদ্ধারকর্মী দুর্গত এলাকায় কাজ করছেন।”
ভূমিকম্পটি মাত্র ৫ মাইল (প্রায় ৮ কিলোমিটার) গভীরতায় হওয়ায় এর ধ্বংসক্ষমতা ছিল ব্যাপক। দুর্গম, ভূমিধসপ্রবণ পার্বত্য এলাকায় উদ্ধার কাজও কঠিন হয়ে পড়েছে।
উল্লেখযোগ্য যে, ২০২২ সালেও দেশটির পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে প্রায় ১,০০০ মানুষ প্রাণ হারায়। আফগানিস্তান একটি ভূমিকম্পপ্রবণ দেশ, কারণ এটি ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।



