আফগানিস্তান-এ ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে রাজধানী কাবুল-এ একটি বাড়ি ধসে পড়ে একই পরিবারের আটজন নিহত এবং এক শিশু আহত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, শুক্রবার (৩ এপ্রিল) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটির মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয় এবং এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে, অক্ষাংশ ৩৬.৪৮ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৭০.৮৪ ডিগ্রি পূর্বে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কম্পন ইসলামাবাদ, কাবুল এবং নয়াদিল্লি-সহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।
এছাড়া পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুরি, ট্যাক্সিলা, পেশাওয়ার, ফয়সালাবাদ ও মুলতানসহ বিভিন্ন শহরের বাসিন্দারা কম্পন অনুভব করেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা অতিরিক্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: জিও নিউজ



