tanaka
প্রচ্ছদজাতীয়আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে অধিবেশনের প্রথম প্লেনারি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মধ্য দিয়েই শুরু হবে ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম। বৈঠকে সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের অফিসিয়াল সূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় শুরু হবে ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি বৈঠক। এদিনের প্রথম এজেন্ডা হিসেবে থাকবে নতুন প্রেসিডেন্টের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ। এরপর উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন। এ ছাড়া জাতিসংঘের ব্যয় নির্বাহের জন্য সদস্য দেশগুলোর চাঁদার হার নির্ধারণ এবং ক্রেডেনশিয়ালস কমিটির সদস্য নিয়োগের বিষয়ও আলোচ্যসূচিতে রয়েছে।

এর আগে ৮০তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জার্মানির আনালেনা বেয়ারবক। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় তার সভাপতিত্বে ৮০তম অধিবেশনের সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর প্রায় চার ঘণ্টা পর ৮১তম অধিবেশনের উদ্বোধনী কার্যক্রম পরিচালনা করবেন ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় অনুযায়ী, রাত ১টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা।

সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য গত ৩০ আগস্ট রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সরকারের অনুমোদন নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বহাল থেকেই তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। প্রথম দফায় প্রায় ৫২ দিন নিউইয়র্কে অবস্থান করার কথা রয়েছে তার। আগামী ২২ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা।

৪০ বছর পর সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশ

ড. খলিলুর রহমানের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ পদে ফিরেছে বাংলাদেশ। গত জুনে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান তিনি।

২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমান পান ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোটের মধ্যে মাত্র আট ভোটের ব্যবধানে জয় পান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

নির্বাচনের আগে জাতিসংঘে আয়োজিত এক মতবিনিময় সভায় ড. খলিলুর রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি সবার এবং পূর্ণকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পরও বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি আস্থা জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন তিনি।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ড. খলিলুর রহমানের মাধ্যমে প্রায় ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনিও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।

সাধারণ বিতর্কে যোগ দেবেন প্রধানমন্ত্রী

এদিকে জাতিসংঘে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে।